জয়পুরহাট সীমান্তে পুশইন করা ভারতীয় বৃদ্ধকে নিয়ে গেছে বিএসএফ
শেষ পর্যন্ত বিজিবি ও সীমান্তবাসীর প্রতিরোধে বাধ্য হয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের হঠাৎপাড়া এলাকায় অবৈধভাবে পুশইন করা সেই ভারতীয় বৃদ্ধকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা। ফলে ওই সীমান্তে রোববার দিনব্যাপী পুশইন নাটকের সমাপ্তি ঘটার পাশাপাশি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত হয়েছে।
রোববার দিনগত রাত সাড়ে ৯টার দিকে ওই বৃদ্ধ ভারতীয় নাগরিককে বিএসএফ তাদের গাড়িতে করে ভারতের অভ্যন্তরে মথুরাপুর নামক গ্রামে নিয়ে গেছে বলে বিজিবির একটি সূত্র নিশ্চিত করেছে। তাকে ফিরে নিয়ে যাওয়ায় ওই সীমান্ত এলাকায় মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
পাঁচবিবির হাটখোলা সীমান্তবর্তী তাজপুর গ্রামের কৃষক লুৎফর রহমান বলেন, ‘গতকাল রোববার বিএসএফ সদস্যরা পাঁচজন ভারতীয় নাগরিককে হাটখোলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর সম্মিলিত প্রতিরোধের মুখে চার ভারতীয় নাগরিক ফিরে গেলেও ৭০-৭৫ বছর বয়সী এক বৃদ্ধ আটকা পড়েন। এ নিয়ে সীমান্তে বিজিবি ও বিএসএফসহ স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত বিজিবি ও সীমান্তবাসীর তীব্র বাধায় রোববার রাতে ওই বৃদ্ধকে বিএসএফ সদস্যরা ভারতের ভেতরে ফিরিয়ে নেওয়ার পর সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হয়।
হাটখোলা গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘বিএসএফ জোর করে ওই বৃদ্ধকে পুশইন করার চেষ্টা করে। কিন্তু বিজিবির বাধায় তা ভেস্তে যায়। এ সময় স্থানীয় গ্রামবাসী বিজিবি সদস্যদের সহযোগিতা করে। ভারতের বিধান সভা নির্বাচনে পশ্চিমবঙ্গ সরকারে পরিবর্তন আসার পর থেকে আমাদের সীমান্তে পুশইনের একটা আতঙ্ক কাজ করছে। এ বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার জন্য বিজিবি এলাকায় মাইকিং করার পর মানুষের মধ্যে সচেতনতা কাজ করছে।
এ ব্যাপারে হাটখোলা সীমান্তের বিজিবির কোম্পানি কমান্ডার আনিছুর রহমান বলেন, ভারতীয় এক বৃদ্ধকে নিয়ে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হলেও বিএসএফ সদস্যরা গতরাতে (রোববার) ওই বৃদ্ধকে ফিরিয়ে নিয়ে যাওয়ায় হাটখোলা সীমান্ত এলাকা শান্ত আছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে। এ ক্ষেত্রে গ্রামবাসীও আমাদের পাশে রয়েছে।
প্রসঙ্গত, গতকাল রোববার আনুমানিক সকাল ৮টার দিকে এক বৃদ্ধসহ পাঁচ ভারতীয় নাগরিককে হাটখোলা সীমান্ত পথে বাংলাদেশ অভ্যন্তরে পুশইনের চেষ্টা চালান বিএসএফ সদস্যরা। স্থানীয় গ্রামবাসী বিষয়টি সঙ্গে সঙ্গে হাটখোলা ক্যাম্পের বিজিবি সদস্যদের জানালে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে বিএসএফকে বাধা দেয়। গ্রামবাসী ও বিজিবির বাধায় তাৎক্ষণিকভাবে চার ভারতীয় নাগরিক ফিরে গেলেও ওই বৃদ্ধ আটকা পড়েন। বিজিবি সদস্যরা তাকে ভারতে পুশব্যাক করলে বিএসএফ সদস্যরা বাধা দিয়ে ওই বৃদ্ধকে ওই সীমান্তের শূন্যরেখার একটি ডোবার পাশে আটকে রাখে। এ নিয়ে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিএসএফ সন্ধ্যার পর সীমান্তের সার্চ লাইট বন্ধ করে দিয়ে আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে ওই বৃদ্ধকে ভারতের অভ্যন্তরে ফিরে নিয়ে যায়।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট