পাকিস্তানি রিভলবার-গুলিসহ যুবক আটক
সাভারের আশুলিয়ায় পাকিস্তানি রিভলবার ও এক রাউন্ড তাজা গুলিসহ মো. খোকন (২৫) নামের এক যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল সোমবার (৮ জুন) রাতে আশুলিয়ার বাইপাইল ফলের আড়তের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।
আটক মো. খোকন টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার বাসিন্দা। তিনি আশুলিয়ার চিত্রশাইল কাঁঠালতলা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
ডিবি পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাইপাইল ফলের আড়ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে খোকনকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পাকিস্তানের তৈরি একটি রিভলবার এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, উদ্ধারকৃত রিভলবারটি পাকিস্তানের তৈরি, যা বেশ উদ্বেগের। কীভাবে এবং কোন উৎস থেকে এই বিদেশি অস্ত্রটি বাংলাদেশে ঢুকেছে, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

জাহিদুর রহমান