চট্টগ্রামে ঈদুল আজহার সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত
চট্টগ্রামে ঈদুল আজহার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা প্রথম জামাত ও একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া চট্টগ্রামের কাট্টলী দারুচ্ছালাম জামে মসজিদে ঈদের জামাতে অংশ নেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর জমিয়াতুল ফালাহ মসজিদের ঈদের জামাতে অংশ নেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এদিকে, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আগামী বাজেটে শুধু প্রবৃদ্ধির কথা চিন্তা করলেই হবে না। বাংলাদেশের অর্থনীতির সুফল সাধারণ মানুষকে পেতে হবে।’ সকালে চট্টগ্রামের কাট্টলী দারুচ্ছালাম জামে মসজিদে ঈদুল আজহার নামাজ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ঈদের জামাত শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের আরও জানান, দেশের ভঙ্গুর অর্থনীতি সঠিক জায়গায় নিতে সরকার কাজ করছে। আবার দেশকে সমৃদ্ধির পথে নিতে জনগণকে একটু সময় দিতে হবে। বাংলাদেশের অর্থনীতির সুফল সাধারণ মানুষকে পেতে হবে। এ জন্য সরকার দ্রব্যমূল্যের দাম কমাতে আপ্রাণ চেষ্টা করছে বলে জানান মন্ত্রী।

এনটিভি অনলাইন ডেস্ক