আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু, কর্তৃপক্ষ বলছে দুর্ঘটনা
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতালটির কর্তৃপক্ষ। তারা বলছে, এটি একটি দুর্ঘটনা।
আজ বুধবার (২৭ মে) দুপুরে আদ-দ্বীন হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এই বিষয়ে এনটিভি অনলাইনকে বলেন, ছয়জন শিশুর মৃত্যুর খবরটি সত্য। তবে এটা একটি দুর্ঘটনা।
ওই কর্মকর্তা বলেন, বিষয়টি সেন্সিটিভ, তাই আপনাকে আর বিস্তারিত বলতে পারছি না। তবে কিছুক্ষণের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি ব্রিফ করবেন।
এর আগে আজ সকালে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ছয় শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে শিশুদের মৃত্যুর কারণ কী, সেটি আমরা এখনও জানি না। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
আদ-দ্বীন হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল বলেন, রাতে ঘটনাটি ঘটেছে বলে জেনেছি। হাসপাতালে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, মারা যাওয়া শিশুদের বয়স হবে এক থেকে দুইদিন, সবাই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছিল।

নিজস্ব প্রতিবেদক