‘বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল’
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস মালিক সমিতির প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সড়কে মৃত্যুর মিছিল শুরু হয়েছে বলে দাবি করছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। জরুরি ভিত্তিতে এহেন অতিরিক্ত ভাড়ার নৈরাজ্য বন্ধ করে দরিদ্র, শ্রমজীবী, কর্মজীবী সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ সোমবার (২৫ মে) দেশের গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি কর্তৃক তাদের বিভিন্ন জেলা শাখা ও ইউনিট শাখার বিভিন্ন বাসে আসন্ন পবিত্র ঈদুল আজহায় অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনেন।
মো. মোজাম্মেল হক চৌধুরী তার বিবৃতিতে বলেন, অতিরিক্ত ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকায় চট্টগ্রাম থেকে স্বল্প ভাড়ায় রড বোঝাই ট্রাকে করে শ্রমজীবী মানুষেরা সুদুর নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে ১৭ জন নিহত ও ১০ জন গুরুতর আহত হয়েছেন। নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে।
মোজাম্মেল হক আরও বলেন, প্রতিবছর ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের সামর্থ্যহীন খেটে খাওয়া কর্মজীবী, শ্রমজীবী, দিনমজুর, নির্মাণ শ্রমিকসহ অপ্রাতিষ্ঠানিক খাতের লাখো লাখো মানুষ ট্রেনের ছাদে, বাসের ছাদে, খোলা ট্রাকে, পণ্য বোঝাই ট্রাকের ওপর কম ভাড়ায় যাতায়াতে বাধ্য হচ্ছে। যাদের ঘাম শ্রমে আমাদের অর্থনীতির মজবুত হয়, তাদের বছরে দুটি ঈদে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে রাষ্ট্র বার বার ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন সংগঠনটি।
অনতিবিলম্বে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে বাস মালিক সমিতির প্রতিশ্রুতি রক্ষা করা, সরকারের কঠোর নির্দেশনা মান্য করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান মো. মোজাম্মেল হক চৌধুরী। একইসাথে দুর্যোগপূর্ণ এবারের ঈদ মৌসুমে সড়ক, রেল ও নৌ-পথে অতিরিক্ত যাত্রা বোঝাই হওয়া থেকে বিরত থাকা, নিজের ও নিজের পরিবারের সদস্যদের জীবন ঝুঁকিতে পেলে বাসের ছাদে, পণ্য বোঝাই ট্রাকের ছাদে, খোলা ট্রাকে, ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকা, ফিটনেসবিহীন বাস ও লঞ্চে আরোহণ না করার জন্য দেশের যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানায় যাত্রী অধিকার সুরক্ষায় নিয়োজিত এই সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক