ঈদুল আজহার দিনে আট অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
পবিত্র ঈদুল আজহার দিন রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগেই কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দেশের চারটি বিভাগে ঈদের দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আজ সোমবার (২৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে, যার প্রভাবে দেশজুড়ে এই বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ মে অর্থাৎ পবিত্র ঈদুল আজহার দিন দেশের আটটি অঞ্চলেই (বিভাগ) কম-বেশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট- এই চার অঞ্চলের (বিভাগ) অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের (বিভাগ) কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে, ঈদের দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে বৃষ্টির কারণে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা ঈদের আনন্দ উদযাপনে গরমের তীব্রতা থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেবে। ওই দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এর আগে ২৪ মে থেকে ২৭ মে পর্যন্ত আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, প্রথম দুই দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়-বৃষ্টি হবে। তবে এই সময়ে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
পরবর্তীতে ২৭ মে থেকে দেশজুড়ে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তর তাদের বর্ধিত পূর্বাভাসে আরও জানিয়েছে, ঈদের দিন পার হওয়ার পরও দেশজুড়ে বৃষ্টিপাতের এই বর্তমান প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক