টাকা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নিহত যুবক
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মডেল থানাধীন কালিন্দী এলাকায় ৪ হাজার ২০০ টাকা লেনদেনের বিরোধের জের ধরে জাহাঙ্গীর (৪২) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হুমায়ূনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার (২৪ মে) সন্ধ্যা ৬টার দিকে কালিন্দী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকেই টাকা লেনদেন নিয়ে জাহাঙ্গীর ও হুমায়ূনের মধ্যে বিরোধ চলছিল। নিহত জাহাঙ্গীর পাওনা টাকা পরিশোধের কথা বলে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দিনভর দুজনের মধ্যে একাধিকবার কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়।
বিকেলের দিকে সেই বিরোধ চরম আকার ধারণ করলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হুমায়ূন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীরকে এলোপাতাড়ি আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জাহাঙ্গীর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পরপরই পালানোর চেষ্টাকালে এলাকাবাসী অভিযুক্ত হুমায়ূনকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। একই সঙ্গে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো চাকুটিও উদ্ধার করেছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, ঘটনাস্থল থেকেই আসামি হুমায়ূনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা, টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাসুদ রানা, ঢাকা (কেরানীগঞ্জ)