১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নদীবন্দরে সতর্কতা
দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সোমবার (২৫ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়া বার্তায় এই সতর্কবার্তা জারি করা হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুরের মধ্যে দেশের রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ো আবহাওয়ার কারণে নদী ও নৌপথের নিরাপত্তা বিবেচনায় উল্লিখিত এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আকস্মিক ঝড় ও বৈরী আবহাওয়ার ঝুঁকি এড়াতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে চলাচলকারী লঞ্চ, ট্রলারসহ ছোট-বড় সব ধরনের নৌযানকে সতর্কতার সঙ্গে সাবধানে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

এনটিভি অনলাইন ডেস্ক