পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘এক্সেপ্ট ইসরায়েল’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন নতুন পাসপোর্টগুলোতে পূর্বের ন্যায় ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দগুচ্ছ পুনর্স্থাপন করা হচ্ছে।
আজ রোববার (২৪ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এটি দেশের সর্বস্তরের জনগণের প্রাণের দাবি ও বর্তমান সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত। নতুন করে ‘এক্সেপ্ট ইসরায়েল’ পুনর্স্থাপন করা হবে।
মাদক আইনের সংস্কার এবং মামলার জট নিরসন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা জেলায় প্রায় ৮০ হাজার এবং চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন জেলায় বিপুল মাদক মামলা পেন্ডিং রয়েছে। এই মামলার আধিক্য বিবেচনা করে বিশেষ ‘মাদক ট্রাইব্যুনাল’ গঠন করা হবে।
দেশের জন্য আরও একটি যুগান্তকারী আইনি উদ্যোগের ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ১৮৬৭ সালের মান্ধাতা আমলের জুয়া আইন বাতিল করে জুয়া, বেটিং ও অনলাইন জুয়া প্রতিরোধে একটি সম্পূর্ণ নতুন, যুগোপযোগী ও আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সংসদ অধিবেশনেই এই আইনটি পাসের জন্য বিল আকারে পেশ করা হবে।
মুক্ত গণমাধ্যমের গুরুত্ব উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজের সর্বাঙ্গীণ সংস্কার ও অগ্রগতির জন্য স্বাধীন ও মুক্ত গণমাধ্যম অপরিহার্য। তবে ফ্রিডম অব প্রেস এবং ফ্রিডম অব স্পিচ চর্চার ক্ষেত্রে দেশের স্বার্থ, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে যৌক্তিক বিধিনিষেধ থাকা দরকার।
সামাজিক যোগাযোগমাধ্যমের লাগামহীন অপব্যবহার, হাজার বছরের ঐতিহ্যবাহী পারিবারিক-সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং কৃত্রিম ন্যারেটিভ তৈরির মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াসের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পরামর্শমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক