ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় সবকটি পদেই প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এতে সভাপতি পদে এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদার, সহসভাপতি পদে বাংলাভিশনের মাসউদুল আলম এবং সাধারণ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার অলোক সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় নির্বাচন পরিচালক ও জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রতন আচার্য (চ্যানেল ২৪), কোষাধ্যক্ষ পদে জহুরুল ইসলাম জলিল (আরটিভি), দপ্তর সম্পাদক পদে বরকত হোসেন মৃধা (এসএ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মইনুল হক লিপু (এটিএন নিউজ) এবং ক্রীড়া সম্পাদক পদে সাইফুল ইসলাম (নাগরিক টিভি) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দুলাল সাহা (যমুনা টিভি), তরুণ সরকার (একাত্তর টিভি) ও শহিদুল আলম (জি টিভি)।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের এই নির্বাচনের তফসিল অনুযায়ী গত ১৭ মে মনোনয়নপত্র বিতরণ, ১৮ মে মনোনয়নপত্র দাখিল ও বাছাই এবং ১৯ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়। নির্ধারিত ২০ মে ভোটগ্রহণের তারিখ থাকলেও প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় আর ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। সংগঠনটির মোট ২২ জন ভোটারের সর্বসম্মতিক্রমে ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয় এবং আজ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিকে ঝালকাঠির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)