আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আগামী ২৪ ঘণ্টায় দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬টার মধ্যে সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তাপপ্রবাহ নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ও তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (১৮ মে) বিকেল ৩টা থেকে দিনগত রাত ১টার মধ্যে পাবনা, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, এছাড়া ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক