কুয়াকাটা সৈকতে জীবিত অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার
পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে বিরল প্রজাতির একটি জীবিত অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে সৈকতের ডিসি পার্ক সংলগ্ন এলাকায় কচ্ছপটি দেখতে পান স্থানীয় ফটোগ্রাফার সাইফুর ইসলাম। পরে তিনি বিষয়টি পরিবেশবাদী সংগঠন ‘উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)’–কে অবহিত করলে সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করেন।
উদ্ধার হওয়া প্রায় ৩০ থেকে ৩৫ কেজি ওজনের এই কচ্ছপটি ‘অলিভ রিডলি’ প্রজাতির বলে নিশ্চিত করেছেন পরিবেশকর্মীরা। এটি সাধারণত প্যাসিফিক রিডলি নামেও পরিচিত এবং পৃথিবীর উষ্ণ ও গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্র অঞ্চলে বিচরণ করে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ এই প্রজাতিকে ঝুঁকিপূর্ণ প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সৈকতে হাঁটার সময় কচ্ছপটিকে ঢেউয়ের ধারে অত্যন্ত দুর্বল ও ক্লান্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে উপরা’র সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সেটিকে নিরাপদ স্থানে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা শুরু করার পাশাপাশি বন বিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করেন।
উপরা’র আহ্বায়ক কে এম বাচ্চু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পূর্ণবয়স্ক স্ত্রী অলিভ রিডলি কচ্ছপ। সাধারণত এই সময়ে স্ত্রী কচ্ছপগুলো ডিম পাড়ার জন্য উপকূলের নিরিবিলি সৈকতে চলে আসে। সমুদ্রে মাছ ধরার জালে আটকে গিয়ে আঘাত পাওয়া, দীর্ঘসময় পানির বাইরে থাকা কিংবা প্লাস্টিক বর্জ্য খাওয়ার কারণেও কচ্ছপটি এমন দুর্বল হয়ে পড়তে পারে। বর্তমানে কচ্ছপটির শরীরে কোনো গভীর আঘাত আছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
কুয়াকাটা বন বিভাগের ক্যাম্প কর্মকর্তা মো. রুবেল বলেন, অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপ আমাদের উপকূলীয় জীববৈচিত্র্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এ ধরনের প্রাণী সচরাচর জীবিত উদ্ধার করা সম্ভব হয় না, তবে স্থানীয়দের দ্রুত সচেতনতার কারণে এটি রক্ষা পেয়েছে। বর্তমানে কচ্ছপটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পুরোপুরি সুস্থ হওয়ার পর নিরাপদ পরিবেশে সমুদ্রে অবমুক্ত করা হবে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপরা'র সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ আক্ষেপ প্রকাশ করে বলেন, সমুদ্রে প্লাস্টিক বর্জ্য, জলদূষণ এবং অবাধ মাছ শিকারের কারণে সামুদ্রিক কচ্ছপের প্রজনন মারাত্মক হুমকির মুখে পড়েছে। কুয়াকাটা সৈকতে বিরল এই কচ্ছপের উপস্থিতি ইতিবাচক ইঙ্গিত হলেও বন্যপ্রাণী সংরক্ষণে সরকারি ও বেসরকারি উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

কাজল বরণ দাস, পটুয়াখালী