সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, যেসব অঞ্চলে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ শনিবার (১৬ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
ঝড়ো হাওয়ার কারণে নদী উত্তাল থাকার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশনার দিকে নজর রাখতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

এনটিভি অনলাইন ডেস্ক