চাঁদপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন’ কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার (১৬ মে) দুপুর পৌনে ৩টায় এ কর্মসূচি উদ্বোধন করেন তিনি।
এর আগে আজ সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশানের বাসা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করে।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের চাঁদপুরে এটি প্রথম সফর। সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান চাঁদপুর এসেছিলেন। সফরে তারেক রহমান দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।
পরে বিকেল ৫টায় তিনি চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে এ সফর শেষ করবেন প্রধানমন্ত্রী।

এনটিভি অনলাইন ডেস্ক