কুমিল্লায় অস্ত্রের মুখে সাবেক বিজিবি কর্মকর্তার লাখ টাকা ছিনতাই
কুমিল্লা নগরীতে প্রকাশ্য দিবালোকে এক অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার গতিরোধ করে ১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১১ মে) দুপুরে নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ওয়াপদা বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী সুবেদার নাসির উদ্দিন আহমেদ বিজিবির সাবেক কর্মকর্তা এবং নগরীর কাপ্তান বাজার এলাকার বাসিন্দা। তিনি ২০০৯ সালে চাকরি থেকে অবসরে যান।
ভুক্তভোগী জানান, সোমবার দুপুরে তিনি পদুয়ার বাজার এলাকা থেকে মেয়ের নির্মাণাধীন বাড়ির জন্য টাইলস কিনে অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। অটোরিকশাটি ওয়াপদা বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে একটি কালো রঙের হাইএক্স মাইক্রোবাস তাদের গতিরোধ করে। মুহূর্তের মধ্যে মাইক্রোবাস থেকে ৫ জন যুবক দেশীয় অস্ত্র হাতে নেমে আসে এবং তাকে জিম্মি করে ফেলে। এসময় তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কোমরে রাখা ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
নাসির উদ্দিন আহমেদ আরও জানান, টাইলস কেনার পর বাকি থাকা ওই টাকা দিয়ে বাড়ির জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিকস সামগ্রী কেনার কথা ছিল। প্রথমে ঝামেলার ভয়ে থানায় না গেলেও পরে তিনি এ বিষয়ে লিখিত অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে অভিযোগ পেলে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাহফুজ নান্টু, কুমিল্লা