তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১২ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঝড়ো হাওয়ার আশঙ্কায় উল্লিখিত অঞ্চলগুলোর নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের সময় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : ইসরায়েলি বাহিনীকে ‘লাশ’ সরবরাহ করছে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন : আজ ঢাকায় বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অফিস
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের
আজ সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলা রয়েছে। উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এই অস্থায়ী ঝড়ো হাওয়ার সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদগণ। সন্ধ্যা পর্যন্ত এই অঞ্চলের নদীপথগুলোতে বাড়তি সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক