নারায়ণগঞ্জে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫
নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাসের চুলা জ্বালাতেই বিস্ফোরণ হয়ে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে নারী ও শিশু রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (১০ মে) ভোর ৬টা ৫৫ মিনিটে ফতুল্লার গিরিধারা এলাকার একটি নয়তলা ভবনের নিচতলার বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন সবজি বিক্রেতা কালাম (৪৭), তার স্ত্রী সালমা (৩৫), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫)। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া এলাকায়।
উদ্ধারকারী রাকিব দগ্ধ সালমা বেগমের বরাত দিয়ে বলেন, ঘটনার সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে কালাম রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। পরে প্রাণ বাঁচাতে কোনো রকমে ঘর থেকে বের হয়ে আসেন তারা।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক। আহতদের মধ্যে কালাম ৯৫ শতাংশ, সালমা ৬০ শতাংশ, মুন্না ৩০ শতাংশ, মুন্নি ৩৫ শতাংশ এবং কথা ৫২ শতাংশ দগ্ধ হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাইনের গ্যাসের লিকেজ থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।’

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)