১৭ অঞ্চলে রাতের মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
দেশের ১৭ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময় ব্জ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
আজ রোববার (১০ মে) বিকেলে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আজ রোববার বিকেল ৩টা থেকে দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস জানানো হয়।
এতে বলা হয়, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক