বায়ুদূষণে শীর্ষে লাহোর-দিল্লি, ঢাকার অবস্থান কত?
পৃথিবীর বিভিন্ন শহরে জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার বাতাসও দূষিত। আজ বুধবারও (৬ মে) তার ব্যতিক্রম নয়। আজ ঢাকার বাতসের মান ‘সতর্কতামূলক’অবস্থানে রয়েছে।
আজ সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত, অর্থাৎ এক ঘণ্টা সময়ে ঢাকার বায়ুমান স্কোর ছিল ১৪৮। বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এই তথ্য পাওয়া গেছে।
এদিকে, দূষিত বাতাসের শহরের তালিকায় ১৯৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। ১৫৯ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে করাচি, কুয়েত সিটি ও চীনের চেংডু।
একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল ইন্দোনেশিয়ার মেদান শহর। শহরটির বায়ুর স্কোর ছিল শূন্য। তালিকায় এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো, নিউজিল্যান্ডের অকল্যান্ড, যুক্তরাষ্ট্রের ডেনভার ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন।
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।
ঢাকার বায়ুদূষণের জন্য অপরিকল্পিত রাস্তা খনন ও নির্মাণাধীন ভবন থেকে ওড়া ধুলিকণা ও ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়াকে বিশেষভাবে দায়ী করা হয়। দীর্ঘদিন ধরে এমন দূষিত বাতাসে নিশ্বাস নেওয়ার ফলে ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্ট, হৃদরোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য এই আবহাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

নিজস্ব প্রতিবেদক