জুতার ভেতর ইয়াবা পাচারকালে মামা-ভাগ্নে আটক
নেত্রকোনার পূর্বধলায় জুতার ভেতরে বিশেষ কৌশলে ইয়াবা পাচারের সময় ৪ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটকরা সম্পর্কে মামা ও ভাগ্নে। গতকাল সোমবার (৪ মে) রাতে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের জালশুকা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের মো. হাবিবুর রহমান (৫৩) ও একই ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের মো. রমজান আলী (৩২)।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি বিশেষ টিম ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে। তল্লাশির একপর্যায়ে সন্দেহভাজন দুই ব্যক্তির জুতার ভেতর থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় বিপুল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে দীর্ঘদিন ধরে জুতার ভেতরে মাদক লুকিয়ে পরিবহণের মতো অভিনব পদ্ধতি ব্যবহার করে আসছিলেন। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এস. এম ওয়াদুদ, নেত্রকোনা (সদর-পূর্বধলা)