অডিটোরিয়ামের ভেতরেই সবজি-ধান চাষের ব্যতিক্রমী প্রদর্শনী
জমিতে ধান কিংবা সবজি চাষ চিরাচরিত দৃশ্য হলেও এবার কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা অডিটোরিয়ামের ভেতরেই দেখা মিলল সোনালি ধান ও মালচিং পদ্ধতিতে সবজি চাষের সমারোহ। ‘পার্টনার’ কর্মসূচির আওতায় আয়োজিত এক কংগ্রেসে এমন ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে বিষমুক্ত উপায়ে উৎপাদিত বিভিন্ন ফলমূলও স্থান পায়।
গতকাল রোববার (৩ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বুড়িচং উপজেলার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ শীর্ষক এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, বর্ণিল সাজে সাজানো অডিটোরিয়ামের প্রবেশপথে তৈরি করা হয়েছে আকর্ষণীয় গেট। রঙিন ক্যাপ পরে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন কৃষক-কৃষাণী উৎসবে মেতেছেন। অডিটোরিয়ামের একপাশে ফ্লোর বেডে মালচিং পেপার ব্যবহার করে সবজি চাষ এবং টবে উন্নত জাতের ধান চাষের প্রদর্শনী করা হয়। এছাড়া ফল ও ডাল দিয়ে তৈরি করা ‘পুষ্টি পিরামিড’ দর্শকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে আসা কৃষক মো. মোস্তফা বলেন, এখান থেকে নিরাপদ খাদ্য উৎপাদন ও তা বাজারজাতকরণের নতুন কৌশল শিখতে পেরেছি।
কৃষক ফরিদ উদ্দিন জানান, উন্নত জাতের ধান চাষের ফলে তাদের উৎপাদন কয়েক গুণ বেড়েছে।
নাছিমা আক্তার নামে এক নারী কৃষক বলেন, সঠিক সময়ে সার ও কীটনাশক ব্যবহারের নিয়ম জানার ফলে এখন আমাদের আয় বাড়বে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার।
উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, কৃষক স্কুলের সদস্যরা এই কংগ্রেসে নিজেদের প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময় করছেন, যা কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনোয়ারসহ স্থানীয় কৃষি কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে ফুট পাম্প, এলএলপি, হ্যান্ড স্প্রেয়ার, রিপার এবং বীজ সংরক্ষণ পাত্রসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।

মাহফুজ নান্টু, কুমিল্লা