ট্রলার চালক হত্যা : দুই আসামির যাবজ্জীবন
ঢাকার সাভারে এক ট্রলার চালককে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার (৩ মে) ঢাকার ৭ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল্লাহ আল মাসুদ এ রায় ঘোষণা করেন। বিচারক প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আ. মান্নান ও মো. চান মিয়া ওরফে মারুফ।
নথি থেকে জানা গেছে, ২০০৫ সালের ২৬ জুলাই বিকেলে সাভারের আমিনবাজার এলাকার ট্রলার চালক মর্তুজা আলী ডিজেল কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ৩০ জুলাই শ্যামলাসি হাওরের কচুরিপানার মধ্য থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের চাচা মো. ইব্রাহিম বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০০৬ সালের ২৮ মে তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সাত্তার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত প্রতিবেদক