গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের মায়ামনি চারমাথা মোড় এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ হেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি অনলাইন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের মায়ামনি চারমাথা মোড় এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে ২০০ পিস ইয়াবাসহ হেলাল উদ্দিন (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার (৩ মে) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। অভিযানে ২০০ পিস ইয়াবাসহ হেলাল উদ্দিনকে আটক করা হয়। আটক ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও গ্রামের বাসিন্দা। অভিযানকালে তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
ওসি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)