নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ মঞ্চে তারেক রহমান
মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মহাসমাবেশ শুরু হয়েছে। পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়ার মধ্যে দিয়ে আজ শুক্রবার (১ মে) বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়।
ইতোমধ্যে সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। ভোরে প্রবল বর্ষণে নয়াপল্টনের সড়কে পানি জমলেও দুপুরের আগেই তা সরে যায়। এরপর থেকেই সমাবেশ ঘিরে নয়াপল্টন এলাকায় বাড়তে থাকে মানুষের উপস্থিতি ও কর্মচাঞ্চল্য।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন এবং সমাবেশের সার্বিক নিরাপত্তায় বিপুল পুলিশ, র্যাব, বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জরুরি অগ্নিনির্বাপণ ব্যবস্থাও৷

নিজস্ব প্রতিবেদক