ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ আটক ৭
নওগাঁয় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, দেশি অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
একইদিন বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আজাহার আলী (৪৫), জাহাঙ্গীর আলম (৪৪), সৈকত হোসেন (৩০), আবু হোসেন (৩৫), হাসান আলী (৩০) এবং বগুড়া জেলার গাবতলী উপজেলার রনি (৩২) ও হামিদুল ইসলাম (৩২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গভীর রাতে সান্তাহার-নাটোর সড়কের সাহাপুর এলাকায় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাতজনকে হাতেনাতে আটক করা হয়, তবে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযানকালে আসামিদের কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত অটোভ্যান, আটটি মোবাইল ফোন এবং বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, আটকরা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য। তারা নওগাঁ ছাড়াও জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, নওগাঁ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রদীপ ব্যানার্জী ও উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসাদুর রহমান জয়, নওগাঁ