কালবৈশাখীতে ঘরবাড়ি-ফসলের ব্যাপক ক্ষতি, ভেঙে পড়েছে টাওয়ার
ব্রাহ্মণবাড়িয়ায় শক্তিশালী কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বয়ে যাওয়া ঝড়ে গাছপালা উপড়ে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলা, বিয়াল্লিশ্বর ছাড়াও আখাউড়া ও কসবা উপজেলার ওপর দিয়ে ঝড়টি বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে অনেক এলাকায় বড় বড় গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিশেষ করে কৃষি জমিতে থাকা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এদিকে ঝড়ের কারণে চলমান এসএসসি পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে পরীক্ষার সময় কিছুটা বাড়ানো হয়েছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।
ঝড়ের প্রভাবে কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়েছে। ফলে ওই এলাকায় রবি ও এয়ারটেল গ্রাহকরা নেটওয়ার্ক বিভ্রাটের সম্মুখীন হচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, “এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন এলাকায় গাছপালা ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছি।”
জেলা প্রশাসক আরও জানান, জেলা প্রশাসন পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া