প্রেমিককে কোপানোর জেরে প্রেমিকার বাড়িতে অগ্নিসংযোগ
নরসিংদীর মাধবদীতে সাজ্জাদ হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে তার প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। এর জেরে ক্ষিপ্ত ওই যুবকের স্বজনেরা ওই প্রেমিকার বাড়িসহ চারটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। গতকাল রোববার (২৬ এপ্রিল) রাতে মাধবদীর খরমুদ্দি এলাকায় এই ঘটনা ঘটে।
আহত সাজ্জাত হোসেন পৌর এলাকার খরমুদ্দি মহল্লার মাহতাব মিয়ার ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত যুবকের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাতের সাথে একই এলাকার একটি মেয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মেয়ে সাজ্জাতের সাথে পালিয়ে গেলে তার পরিবার বিষয়টি মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনে। তবে রোববার সকালে ওই মেয়ে পুনরায় প্রেমিকের কাছে চলে যায়।
এতে ক্ষিপ্ত হয়ে ওই মেয়ের ভাই ও চাচাসহ কয়েকজন সাজ্জাতকে এলাকার একটি মসজিদের পাশে একা পেয়ে অতর্কিত হামলা চালায়। তারা সাজ্জাতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।
সাজ্জাতের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে তার পরিবারের লোকজন ও অনুসারীরা উত্তেজিত হয়ে ওঠে। তারা প্রতিশোধ নিতে ওই প্রেমিকার বসতবাড়ি, তার চাচা ও ফুফুর বাড়িসহ মোট চারটি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় বাড়িতে থাকা লোকজন প্রাণভয়ে দিকবিদিক ছুটোছুটি করে আত্মরক্ষা করেন।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের কর্মীদের কাজে বাধা প্রদান করে। ফলে আগুন নেভাতে দেরি হওয়ায় চারটি ঘরের আসবাবপত্রসহ যাবতীয় সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়।
মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হান জানান, আগুনের খবর পেয়ে তারা দ্রুত পৌঁছালেও স্থানীয় লোকজনের বাধার কারণে নির্বাপণ কাজে দেরি হয়। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, প্রেমিক-প্রেমিকা সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে আহত করার পর পাল্টা হিসেবে ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বজিৎ সাহা, নরসিংদী