ভারি বৃষ্টিপাত হতে পারে কবে কোথায়, জানাল আবহাওয়া অফিস
দেশের দুটি বিভাগে শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তা হিসেবে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে।
এর প্রভাবে আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক