ময়মনসিংহে র্যাবের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার
ময়মনসিংহের সদর উপজেলার একটি ইটভাটায় অভিযান চালিয়ে বিদেশি রিভলভার উদ্ধার করেছে র্যাব-১৪। বুধবার (২২ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে সদর উপজেলার উজান বাড়েরা এলাকার একটি ইটভাটায় এই অভিযান চালায় র্যাব-১৪।
র্যাব সূত্রে জানা গেছে, ইটভাটাটির মালিক ইব্রাহীম মুছা বাবু। দীর্ঘদিন ধরে ওই ইটভাটায় অস্ত্র কেনা-বেচা চলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা কৌশলে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি সাদা রঙের বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলভার পাওয়া যায়। পলাতক অস্ত্র ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে র্যাবের মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
লুৎফা বেগম বলেন, উদ্ধারকৃত রিভলবারটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আইয়ুব আলী, ময়মনসিংহ