ধানক্ষেত থেকে ড্রাম ভর্তি অকটেন উদ্ধার
জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ধানক্ষেত থেকে ড্রাম ভর্তি ১৫০ লিটার অকটেন উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গুমেরচর গ্রামের একটি ধানক্ষেত থেকে অকটেনের ড্রামটি উদ্ধার করেন।
জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গুমেরচর গ্রামে অবৈধভাবে তেল মজুত করার খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা গুমেরচর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি ধানক্ষেত থেকে ড্রাম উদ্ধার করেন তিনি। এ সময় ড্রামের ভেতরে থাকা ১৫০ লিটার অকটেন জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। পরিত্যক্ত অবস্থায় অকটেন উদ্ধার করা গেলেও কাউকে আটক করা যায়নি। অবৈধ তেল মজুতের বিরুদ্ধে প্রশাসনের শক্ত অবস্থান রয়েছে।

আসমাউল আসিফ, জামালপুর