এসএসসি পরীক্ষা : কুমিল্লা বোর্ডে ১ম দিনে অনুপস্থিত ১৪২৫
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় প্রথম দিনের বাংলা (আবশ্যিক) ১ম পত্রের পরীক্ষায় এক হাজার ৪২৫ পরীক্ষার্থী ফরম পূরণ করেও পরীক্ষায় অংশ নেয়নি।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
মো. কবীর উদ্দিন আহমেদ জানান, কুমিল্লা বোর্ডের অধীন ছয় জেলায় প্রথম দিনের বাংলা ১ম পত্রের মোট নিয়মিত পরীক্ষার্থী ছিল এক লাখ ১৭ হাজার ৪৮১ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে এক লাখ ১৬ হাজার ৫৬ জন। এক হাজার ৪২৫ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির শতকরা হার ১ দশমিক ২১ ভাগ।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা জেলায় ৫৫৫ ব্রাহ্মণবাড়িয়ায় ১৭৭, চাঁদপুরে ২০৭, ফেনীতে ৯৮, নোয়াখালীতে ২৭৭ ও লক্ষ্মীপুর জেলায় ১১১ পরীক্ষার্থী প্রথমদিনের পরীক্ষায় অংশগ্রহণ করেনি।
কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ছয় জেলায় ২৭৭টি পরীক্ষা কেন্দ্রে এক হাজার ৮২২ শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত এবং অনিয়মিতসহ (এক/দুই বিষয়ে) এক লাখ ৪৭ হাজার ১২ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ফরম পূরণ করেছিল।

মাহফুজ নান্টু, কুমিল্লা