রাজশাহী নার্সিং কলেজে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’
অধ্যক্ষ নিয়োগের এক দফা দাবিতে রাজশাহী নার্সিং কলেজে (আরএনসি) ‘কমপ্লিট শাটডাউন’ করমসূচি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ করে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে এ শাটডাউন ঘোষণা করেন।
শিক্ষার্থীরা জানান, প্রায় তিন মাস ধরে কলেজে অধ্যক্ষ না থাকায় শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে। সেজন্য অবিলম্বে অধ্যক্ষ নিয়োগ দেওয়া প্রয়োজন। সম্প্রতি দেশের আরও তিনটি নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু দেশের ঐতিহ্যবাহী রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হচ্ছে না।
কলেজের একটি সূত্রে জানা গেছে, শিক্ষকদের আন্তকলহ ও সংশ্লিষ্ট উচ্চপদস্থ একটি পক্ষের গাফিলতিতে এ জটিলতা সৃষ্টি হয়েছে। আগের অধ্যক্ষ মতিয়ারা বেগম অবসরে যাওয়ার পরে এ পদে নিয়োগ পেতে লবিং শুরু করেন কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক। তবে এ পর্যন্ত অধ্যক্ষ হিসেবে কাউকে নিয়োগ বা পদায়ন করেনি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর (ডিজিএনএম)।
গত শনিবার থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন নার্সিং কলেজটির শিক্ষার্থীরা। অধ্যক্ষ নিয়োগের দাবিতে ওই দিন ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন তারা। গতকাল সোমবার ছিল আলটিমেটামের শেষ দিন। এদিন বিকেল পর্যন্ত নার্সিং অধিদপ্তর থেকে অধ্যক্ষ নিয়োগ করে প্রজ্ঞাপন না আসায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শিক্ষার্থীরা। আজ তারা কলেজে ক্লাস, পরীক্ষা ও হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন।
এদিকে শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। সংগঠনটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ, সদস্য তানজিদ হাসান ও মেহেদি হাসানসহ আরও অনেকে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
রাজশাহী নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাবেক সভাপতি জহিরুল ইসলাম খান বলেন, আগের অধ্যক্ষ অবসরে যাওয়া প্রায় তিন মাস পার হতে চলেছে, কিন্তু নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়নি। এতে কলেজের শিক্ষা কার্যক্রমসহ সবকিছু থমকে আছে। আমরা আগেও ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কোনো সাড়া পাইনি। বাধ্য হয়ে আমরা কমপ্লিট শাটডাউনে গিয়েছি। যতক্ষণ না আমাদের দাবি অনুযায়ী নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা শাটডাউন কর্মসূচি চালিয়ে যাব।

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)