টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গহীন পাহাড়ি জঙ্গল থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উত্তর শিলখালী সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- নুরুল ইসলামের ছেলে নুরুল বশর (২৮), রুহুল আমিনের ছেলে রবি আলম (২৩) ও নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (২৮)। নিহতরা সবাই স্থানীয় উত্তর শিলখালী গ্রামের বাসিন্দা।
নিহত রবি আলমের বাবা রুহুল আমিন জানান, সোমবার রাতে মুজিবুর তার ছেলেকে ডেকে নিয়ে যান। এরপর তারা আর বাড়ি ফেরেননি। সকালে পাহাড়ে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তিনি ছেলেকে রক্তাক্ত অবস্থায় শনাক্ত করেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও মাথায় গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণ বা মানবপাচার সংশ্লিষ্ট কোনো অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
স্থানীয়দের অভিযোগ, টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে সশস্ত্র অপহরণকারী ও মানবপাচারকারী চক্র সক্রিয় রয়েছে। পাহাড়ে প্রায়ই লোকজনকে জিম্মি করে রাখার ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কাঠুরিয়া জানান, মাঝেমধ্যেই পাহাড়ে চিৎকার-চেঁচামেচির শব্দ পাওয়া যায়। জিম্মিকারীদের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটতে পারে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, অপহরণ ও মানবপাচার সংক্রান্ত বিরোধই এই ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে নিহতদের বিরুদ্ধেও এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)