ইসিতে ১৩ নারী প্রার্থীর মনোনয়নপত্র জমা দিলো জামায়াত জোট
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত ১৩ নারী প্রার্থী।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খানের কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন- নূরুন নেসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।
জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। এছাড়া জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিমও প্রার্থী হয়েছেন।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে সংরক্ষিত নারী আসনে জোটের প্রার্থী করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক