মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন প্রতিমন্ত্রী
মালয়েশিয়ার শ্রমবাজার খুব দ্রুতই বাংলাদেশিদের জন্য পুনরায় উন্মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। আজ সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, খাদ্যাভ্যাস ও পরিবেশের মিল থাকায় বাংলাদেশি কর্মীদের কাছে মালয়েশিয়া অত্যন্ত পছন্দের একটি দেশ। এটি আমাদের শ্রমবাজারের একটি বড় উৎসও বটে। নানা জটিলতার কারণে মাঝখানে এটি বন্ধ থাকলেও বর্তমানে বাজারটি সচল করতে সরকার নিরলসভাবে কাজ করছে।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইতোমধ্যে মালয়েশিয়া সফর করেছেন এবং সেখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার পথ খুলে যাবে।
শ্রমবাজার খোলার নির্দিষ্ট তারিখ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, শ্রমবাজার কবে খুলবে তার সুনির্দিষ্ট দিন-তারিখ এই মুহূর্তে বলা সম্ভব নয়। কারণ এটি মালয়েশিয়া সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে আমাদের পক্ষ থেকে শতভাগ প্রস্তুতি রয়েছে। আমাদের লোকবল এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। মালয়েশিয়া থেকে সংকেত পেলেই কর্মী পাঠানো শুরু হবে।
গত কয়েক বছর ধরে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নানা চড়াই-উতরাই চললেও বর্তমান সরকারের এই তৎপরতাকে জনশক্তি রপ্তানিকারক ও বিদেশ গমনেচ্ছু কর্মীদের জন্য বড় সুখবর হিসেবে দেখা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক