বর্তমান জ্বালানি সংকটের জন্য দায়ী বিগত সরকার : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমানে দেশে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, সেই সংকটের জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার। রাষ্ট্র কাঠামোকে নতুন করে মেরামত করতে চায় বর্তমান সরকার। এই রাষ্ট্র ও রাজনীতিকে সংস্কার করতে না পারলে চলমান সংকট থেকে মানুষকে উদ্ধার করা যাবে না।
আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকলেও বিগত সরকার স্বল্পমেয়াদি ব্যবসায়িক স্বার্থে গ্যাস উত্তোলনের কোনো কর্মসূচি নেয়নি। তারা জ্বালানি আমদানি নির্ভর একটি রুটিন তৈরি করেছিল। আজ যদি দেশে নিজস্ব গ্যাস উৎপাদনের সক্ষমতা থাকত, তাহলে হরমুজ প্রণালীর এই সমস্যায় দেশকে পড়তে হতো না।
জহির উদ্দিন স্বপন বলেন, শুধু ক্ষমতার জন্যই বিএনপি সচেষ্ট ছিল না। যেহেতু ক্ষমতাকে জনগণের সেবার কাজে লাগাতে চায়, সেকারণেই দুর্বল রাষ্ট্র কাঠামোর সেই সম্ভাবনাকে জাতির সামনে আগে থেকেই তুলে ধরা হয়েছে এবং তা সংস্কারের প্রতিশ্রুতিও দিয়েছে বিএনপি সরকার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বরিশালের সব হাসপাতালের সংকটের খবর তাদের কাছে রয়েছে। সেই সংকট কীভাবে সমাধান করা যায়, সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। মফস্বল পর্যায়েই যাতে সব ধরনের চিকিৎসা পাওয়া যায়, সেই দিক নিয়েও কাজ চলছে।
টিকা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল, বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, জেলা সিভিল সার্জন মনজুর এ এলাহী, পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী আগৈলঝাড়া উপজেলা পরিষদে উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এরপর তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার দুর্গাসাগর দিঘি পরিদর্শন করেন।

আকতার ফারুক শাহিন, বরিশাল