৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২০ এপ্রিল) বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলা পৌনে ১২টার দিকে কমপিউটারে বাটন চেপে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী দেশের যে ৭ জেলায় আনুষ্ঠানিকভাবে ই-বেইলবন্ড (ই-জামিননামা) কার্যক্রম উদ্বোধন করেন সেগুলো হলো– বগুড়া, ঝিনাইদহ, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, মাগুরা ও যশোর।
এর আগে তারেক রহমান বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন।
সড়কপথে আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৫৮ মিনিটের দিকে বগুড়া সার্কিট হাউসে পৌঁছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী গাড়িবহর। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
এর আগে সকাল ৬টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস গুলশানের বাসভবন ছেড়ে আসে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে রয়েছেন। বগুড়ায় ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়ায় পৌঁছেছেন।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বগুড়ায় প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটাবেন। ফ্যামিলি কার্ড বিতরণ, হামের টিকাদান ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। যাবেন নিজের পৈতৃক বাড়িতেও। বিকেলে রয়েছে বিএনপি আয়োজিত জনসভা। ওইসব কর্মসূচি শেষ করে রাতে সড়ক পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক