নোয়াখালীতে ২৮৭ লিটার অকটেন জব্দ, আটক ২
নোয়াখালীর চাটখিল উপজেলায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অকটেন জব্দ করেছে পুলিশ। এসময় জ্বালানি তেল অবৈধভাবে মজুত ও পরিবহণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
চাটখিল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি বিশেষ টিম পাল্লা এলাকায় অভিযান চালায়। এসময় অবৈধভাবে সংরক্ষণ করা ২৮৭ লিটার অকটেন জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই অবৈধ এই কারবারে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে পুলিশ।
আটকরা হলেন মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা গ্রামের মো. আব্দুল্লাহ (৫৫) ও মো. নাসিরউদ্দিন (৩৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও মজুত করার কথা স্বীকার করেছেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আবদুল মোতালেব, নোয়াখালী (চাটখিল-সেনবাগ-সোনাইমুড়ি)