বান্দরবানে অস্ত্র-গুলিসহ দুই যুবক আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাইশারী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন উপজেলার উত্তর বাইশারী এলাকার আতাউল্লাহ কলিম (৩২) ও মধ্যম বাইশারী এলাকার হারুন (২৬)।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউল্লাহ কলিম ও হারুন দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রোববার সন্ধ্যায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে দুজনকে ধরে ফেলে পুলিশে খবর দেয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে এবং তাদের থানায় নিয়ে আসে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এলাকাবাসী অস্ত্রসহ দুজনকে ধাওয়া করে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান