নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত ১১২০ লিটার জ্বালানি উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসনের অভিযান। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুত করা এক হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে জেলা প্রশাসন। আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম।
জেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৫০ লিটার ডিজেল ও ৭০ দশমিক ৫ লিটার অকটেন জব্দ করা হয়। পরে জব্দ করা জ্বালানি পদ্মা ডিপোর পরিচালন কর্মকর্তা সালেহ সামিরের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম বলেন, অবৈধভাবে জ্বালানি মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)