ইকরার আত্মহত্যা : অভিনেতা আলভীসহ দুজনের তদন্ত প্রতিবেদন ১৭ মে
ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীসহ দুই আসামির বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এই নতুন দিন নির্ধারণ করেন। মামলার অপর আসামি হলেন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি।
ঢাকার অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন এই তারিখ নির্ধারণ করেন।
ঘটনার বিবরণে জানা গেছে, গত ১ মার্চ শনিবার বেলা পৌনে ১২টার দিকে মিরপুরের বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ইকরার আত্মহত্যার ঘটনায় ২ মার্চ রাতে তার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলা করেন। মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে’ তার ভাগনি ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’।

শুভ্র সিনহা রায়