ফুলে ভরে উঠল ঢামেকে হাসপাতালের সামনের ফুটপাত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিশেষ উদ্যোগে নান্দনিক রূপ ফিরে পেয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনের ফুটপাত। দীর্ঘদিনের অবৈধ দখল, ময়লা-আবর্জনা আর দুর্গন্ধ দূর করে সেখানে এখন শোভা পাচ্ছে সারি সারি ফুলের টব, সৌন্দর্যবর্ধক গাছ আর দেয়ালজুড়ে বৈচিত্র্যময় গ্রাফিতি।
আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম ঢামেক হাসপাতাল সংলগ্ন ফুটপাত দখলমুক্তকরণ ও সৌন্দর্যবর্ধন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, রাজধানী ঢাকা বাংলাদেশের মুখমণ্ডল। একে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখা আমাদের সবার দায়িত্ব। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মানসিক স্বস্তি নিশ্চিত করতেই আমরা এই নান্দনিক পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, পুলিশ বিভাগ, সিটি করপোরেশন ও সাংবাদিকসহ সকলের যৌথ প্রচেষ্টায় আমরা এই সুন্দর পরিবেশ দীর্ঘমেয়াদে সংরক্ষণ করতে চাই।
হকার ব্যবস্থাপনা ও জনভোগান্তি প্রসঙ্গে মো. আব্দুস সালাম আরও বলেন, রাস্তায় যত্রতত্র ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। তবে আমরা হকার ও রিকশাওয়ালাদের প্রতি অমানবিক হতে চাই না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা জনভোগান্তি দূর করার পাশাপাশি মানবিক আচরণ নিশ্চিত করতে কাজ করছি।
ডিএসসিসির প্রশাসক বলেন, ফুটপাতে অস্থায়ী ব্যবসা করতে হলে সিটি করপোরেশন থেকে লাইসেন্স নিতে হবে। বর্তমানে আমরা পুলিশের সহযোগিতায় এলাকাভিত্তিক হকারদের তালিকা তৈরি করছি। তালিকা সম্পন্ন হলে নির্দিষ্ট এলাকায়, নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট সংখ্যক হকারকে বসার অনুমতি দেওয়া হবে। এছাড়া আমরা ‘হলিডে মার্কেট’ ও ‘নৈশকালীন মার্কেট’ চালুর পরিকল্পনা করছি। আমরা কাউকে উচ্ছেদ নয়, পুনর্বাসন করতে চাই।

নিজস্ব প্রতিবেদক