জনকল্যাণ কর্মসূচির বিরোধিতাকারীদের সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান বিএনপির গৃহীত জনকল্যাণ কর্মসূচির যারা বিরোধিতা করছে তাদের সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যে জুলাই সনদ বিএনপি সই করে এসেছে সেটি তাঁর দল বাস্তবায়ন করবে।
টাঙ্গাইলের সন্তোষে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের এক সমাবেশে প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমরা সংসদে কি দেখলাম? যাদেরকে মানুষ অল্প ভোট দিয়েছে, সেই বিরোধী দল, তারা যেটি বলবে সেটিই হবে এরকম একটা দাবি তারা তুলেছে। আমরা দেশবাসীকে পরিষ্কারভাবে আবারও বলতে চাই, জুলাই সনদ স্বাক্ষরের জন্য সংসদের দক্ষিণ প্লাজায় যখন ড. মুহাম্মদ ইউনূস ডেকেছিলেন, তখন প্রথমে বিএনপি জুলাই সনদ সই করেছে।’
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘কাজেই যে জুলাই সনদ বিএনপি সই করেছে সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন আমরা বাস্তবায়ন করবো। আমরা দেখেছি, এখন যারা বিরোধী দলে আছে তারা সেই সময় সই করবে কি করবে না একটা দ্বিধা-দ্বন্দ্বে ছিল। আর তাদের সাথে একটা দল আছে তারা তখন সই-ই করেনি, নির্বাচনের পরে গিয়ে সই করলো। যারা জুলাই আন্দোলন নিয়ে গলা ফাটায় তাদের তো আমরা প্রশ্ন করতে পারি, এতই যদি দরদ হয় তাহলে প্রথমে সই করলেন না কেনো?’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আগে বলেছি, আবারো পরিষ্কার বলছি- জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যেই জুলাই সনদ বিএনপি সই করেছে, যেই জুলাই সনদে সকল রাজনৈতিক দল সই করেছে, সেই জুলাই সনদ ইনশাল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘যারা বিএনপির খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরিসহ জনগণের কল্যাণে গৃহীত জনকর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। কাজেই আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ স্বৈরাচারের ভূত তাদের ওপরে আবার ধীরে ধীরে আছর করছে। তারা আবার দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে?’
শেরপুর-৩ আসনে স্থগিত হওয়া নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘দুইদিন আগে আপনারা দেখেছেন, সমগ্র দেশের মানুষ দেখলো, বাংলাদেশের দুটি জায়গায়, শেরপুর ও বগুড়ায় নির্বাচন হয়েছে। হ্যাঁ হয়তোবা অবাঞ্ছিতভাবে দুই-একটি ছোটখাট ঘটনা ঘটেছে। আমি দুইদিন আগে নির্বাচন হবার পরে বাংলাদেশের সকল পত্রিকাগুলো ঘাঁটাঘাঁটি করলাম। কোন জায়গায় কোন অবাঞ্ছিত ঘটনা ঘটেছে, কোন অপ্রীতিকর ঘটনা ঘটেছে- তেমন কোন নিউজ নেই। ছোটখাট দুই একটা হালকা ঘটনা আছে নিউজে। কিন্তু কোন পত্রিকায় অভিযোগ করার মতো কোথাও কোন ঘটনা নেই। যেখানে উপনির্বাচন হয়েছে সেখানকার মানুষ শান্তিতে আছে, সেখানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ। কিন্তু পরিস্থিতি গরম কোথায়? বায়তুল মোকারমে। কারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে নিশ্চয়ই সেটি আপনাদের অজানা নয়।’
তারেক রহমান আরও বলেন, ‘স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত কিন্তু রয়ে গেছে এই দেশে। কাজেই আমাদের সকলকে সজাগ থাকতে হবে, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যাতে জনসম্পৃক্ত যে সকল কর্মসূচি আছে এগুলো বাধাগ্রস্ত হতে না পারে। আমরা দেখেছি অতীতে কীভাবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলে রাজনীতিকে বাধাগ্রস্ত করা হয়েছে, আমরা দেখেছি অতীতে কীভাবে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে, কারা জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছিল, কি কি কাজ করেছে এগুলো আমাদের জানা আছে। কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন এই বাংলাদেশ হচ্ছে আমার আপনার আমাদের সকলের শেষ ঠিকানা। এদেশেই আমরা জন্মেছি, এদেশেই আমাদেরকে মরতে হবে। বিদেশে আমাদের কোন ঠিকানা নেই, এই দেশই আমাদের ঠিকানা। যেহেতু এই দেশ আমাদের ঠিকানা, এই দেশটাকে আমাদেরই গড়ে তুলতে হবে, জনগণকে সাথে নিয়ে আমাদের ঠিক করতে হবে, আমাদেরকে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
প্রধানমন্ত্রী বক্তব্যের শেষ দিকে আবার জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের সজাগ থাকতে হবে সেই সকল দলগুলোর বিরুদ্ধে, সেই সকল মানুষগুলোর বিরুদ্ধে যারা বিভ্রান্তি ছড়াতে চায়। কাজেই আজকে মওলানা ভাসানীর মাজারের পাশে দাঁড়িয়ে, যে মানুষটি সারাজীবন কৃষকের কথা বলে গিয়েছেন, যে মানুষটি সারাজীবন খেটে খাওয়া মানুষের কথা বলে গেছেন, আজকে সেই মানুষগুলোর স্বার্থ যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে সেই জন্য আমরা সতর্ক থাকবো, সজাগ থাকবো। সকলকে সাথে নিয়ে আমরা বাংলাদেশ গড়ে তুলবো এবং সেই জন্যই সবসময় আমি একটি কথা বলি, করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’
এ সময়ে মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)