আমিরাতে বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা থেকে মো. হেলাল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং সহকর্মী বা মালিক পক্ষ তাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখেছে।
নিহত হেলাল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুর আলমের ছেলে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) নুর আলম ও তার পরিবারের সদস্যরা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল শারজাহ শহরের ১০নং ইন্ডাস্ট্রিয়াল এলাকায় কর্মস্থলের একটি টয়লেট থেকে হেলালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। হেলালের এক সহকর্মীর মাধ্যমে তার বাবা মৃত্যুর খবরটি জানতে পারেন।
নুর আলম জানান, ২০২৩ সালের নভেম্বর মাসে জীবিকার তাগিদে হেলাল আরব আমিরাতে পাড়ি জমান। সেখানে তিনি ‘নুর আল কামাল পেইন্ট কনট্রাক্টিং’ নামে একটি প্রতিষ্ঠানে পেইন্টার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তার ভাই ফয়সাল একই কোম্পানিতে কাজ করলেও সমস্যাজনিত কারণে সম্প্রতি দেশে ফিরে আসেন। ফলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন হেলাল।
ছেলের মৃত্যুর বিচার চেয়ে নুর আলম বলেন, আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিনি বাংলাদেশ সরকারের মাধ্যমে আমিরাত সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে হেলালের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের জরুরি সহায়তা কামনা করেছেন তিনি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, বিষয়টি এখন পর্যন্ত পুলিশকে কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে খোঁজখবর নিয়ে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর