সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি টাকার মালামাল জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
একটি ক্ষুদে বার্তায় বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী ও চন্ডিদার বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল পৃথক অভিযান চালায়।
অভিযানে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে গরু, কসমেটিক্স সামগ্রী, আতশবাজি, চিংড়ি মাছের রেনু, জিরা, বাসমতি চাল, ফুসকা, কফি, রেডবুল এনার্জি ড্রিংকস, ব্লেজারের কাপড়, অ্যাকোয়ারিয়ামের মাছ এবং মাদকদ্রব্য হিসেবে ইস্কাফ সিরাপ ও মদ। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৪২০ টাকা।
জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরের মাদক স্টোরে সংরক্ষণ করা হবে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)