হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রার সময় ব্যক্তিগত প্রয়োজনে কিংবা হজ এজেন্সি বা অন্য কোনো তৃতীয় পক্ষের প্ররোচনায় যেকোনো ধরনের নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে সব হজযাত্রীদের অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
আজ শুক্রবার (১০ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সৌদি আরবের আইন অনুযায়ী হজযাত্রীর লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার এবং পচনশীল দ্রব্যাদি বহন নিষিদ্ধ। বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও উল্লেখ রয়েছে।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে সৌদি বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে। ধর্ম মন্ত্রণালয় থেকে বারবার সতর্ক করার পরও এ ধরনের ঘটনা ঘটছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ বিষয়ে হজযাত্রীদের সতর্ক থাকার ও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান তিনি।
ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, সৌদিতে কোনো হজযাত্রীর লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে সে দেশের প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এমন কাজে সংশ্লিষ্ট হজযাত্রীর হজ পালনও ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। এমনকি হজ করার সুযোগ না-ও পেতে পারেন তিনি। এ কারণে কোনোভাবেই নিষিদ্ধ পণ্য বহন করা যাবে না।
এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রীরা সৌদি গমন করবেন।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)