ডিবি সেজে মাদক ব্যবসা, অবশেষে র্যাবের হাতে ধরা
কুমিল্লার বিষ্ণুপুর এলাকায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে মাদক ব্যবসা চালানোর অভিযোগে মো. সিয়াম (২৩) নামে এক তরুণকে আটক করেছে র্যাব-১১। আজ বুধবার (৮ এপ্রিল) ভোরে একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
অভিযান চলাকালে সিয়ামের কাছ থেকে ডিবি পুলিশের ২টি জ্যাকেট ও ১টি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। এছাড়া তার কাছে থাকা ব্যাগ থেকে ৭ হাজার ৯০০ পিস ইয়াবা, ২ বোতল বিয়ার, ৫ বোতল বিদেশি মদ এবং ৩ বোতল স্কাফ জব্দ করেছে র্যাব।
র্যাব-১১ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক সিয়াম কুমিল্লা সদর উপজেলার রাঙ্গুরী গ্রামের বাসিন্দা। সে দীর্ঘ দিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।
জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেছে যে, ডিবি পুলিশের পোশাক ও সরঞ্জাম ব্যবহার করে সে নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিত। এর ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নির্বিঘ্নে মাদক ব্যবসা এবং এলাকায় আধিপত্য বিস্তার করা তার জন্য সহজ হতো।
আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা