ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া শহরের গোকর্ণ ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় তিন ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলা প্রশাসন ও র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোকর্ণ ঘাট এলাকায় কয়েকটি দোকানে অনুমোদন ছাড়াই জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও বাড়তি দামে বিক্রির অভিযোগ ওঠে। এর ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিনের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে তিনটি দোকান থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল ও ১০০ লিটার অকটেন জব্দ করা হয়। অবৈধভাবে মজুত ও অনিয়মিত বিক্রির দায়ে সংশ্লিষ্ট দোকান মালিকদের জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, র্যাবের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ মজুতের সত্যতা পাওয়া গেছে। জব্দকৃত দোকানগুলোর জ্বালানি তেল বিক্রির কোনো বৈধ অনুমোদন ছিল না।
র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী বলেন, মুদি দোকান, গ্যারেজ ও শ্রমিকদের আবাসস্থলে জ্বালানি তেল মজুতের তথ্য পেয়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)