র্যাব বিলুপ্ত হবে কিনা সিদ্ধান্ত সরকারের : র্যাব ডিজি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ বলেছেন, র্যাবের বিলুপ্তি বা র্যাব সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার র্যাবের ওপর বর্তায় না, এটি সরকারের সিদ্ধান্ত।
আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় র্যাবের ডিজি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, সরকার বিষয়গুলো বিবেচনা করবে। মূল কাজই হচ্ছে র্যাবকে জনগণের সামনে ভালোভাবে উপস্থাপন করা। কাজের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। সুতরাং র্যাব সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত সরকার নেবে, আমরা শুধু আমাদের কাজটুকু করবো।
র্যাব ডিজি আহসান হাবীব পলাশ বলেন, বিগত দেড় বছরে র্যাবের অপকর্ম বা অপকীর্তির ইতিহাস কিন্তু খুব বেশি নেই। র্যাবকে সঠিকভাবে পরিচালনা করলে সঠিক পথে পরিচালিত হতে পারে। র্যাবকে ভালো কাজে সম্পৃক্ত করার জন্য সরকার চেষ্টা করছে।
র্যাব মহাপরিচালক আরও বলেন, ‘মাদক সমাজের একটি অন্যতম বড় ব্যাধি। এর বিস্তার রোধে র্যাব বদ্ধপরিকর। গত ৯০ দিনে র্যাব মাদকবিরোধী অভিযানে ২৪ কেজির বেশি হেরোইন, ৭ হাজার বোতলের বেশি ফেন্সিডিল, ৫ হাজার কেজি গাঁজা, ১৫ লাখ পিস ইয়াবাসহ ৪ হাজার লিটার বিদেশি মদসহ আরও বিভিন্ন রকমের মাদকদ্রব্য উদ্ধার করে এবং প্রায় ১ হাজার ১১৫ জনকে গ্রেপ্তার করেছে।’ এ ছাড়াও হত্যা মামলায় গত ৯০ দিনে ৪৮৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব বলে জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক