কানো-বিএসটিকিউএম কোয়ালিটি অ্যাওয়ার্ড
গুণগত মান ও ব্যবস্থাপনার উৎকর্ষতা নিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বাংলাদেশে। শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের স্বীকৃতি ‘কানো-বিএসটিকিউএম কোয়ালিটি অ্যাওয়ার্ড’ প্রদান।
রাজধানীর অভিজাত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আগামী ৫ এপ্রিল (রোববার) প্রথমবারের মতো এই পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীর হাতে।
অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট দর্শনের কিংবদন্তি ড. নোরিয়াকি কানো। টোকিও বিশ্ববিদ্যালয়ের এই এমেরিটাস অধ্যাপক নিজ হাতে বিজয়ীর কাছে পুরস্কার তুলে দেবেন—এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এতে সভাপতিত্ব করবেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এহসানুল হক।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে বাংলাদেশ সোস্যাল সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম)।
বিএসটিকিউএমের সভাপতি এ কে এম শামসুল হুদা জানান, এই পুরস্কার প্রাপ্তি কোনো নির্দিষ্ট সময়সূচির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং কঠোর, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্বাচন করা হবে যোগ্য প্রতিষ্ঠানকে।

এনটিভি অনলাইন ডেস্ক